বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাবারুদ-অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-৯)। সঠিক তথ্য দিয়ে রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগান উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব জেলার যেকোনো এলাকায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে তথ্য দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না।

অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগানের ক্ষেত্রে পুরস্কার ২ লাখ টাকা। শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা দেওয়া হবে।

এসআরবি-৯ জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে সঠিক তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তথ্য যাচাই করে গোপনীয়তার সঙ্গে পুরস্কার দেওয়া হবে।

এব্যাপারে এসআরবি-৯, সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘সরকারি অস্ত্র ও গোলাবারুদ জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারানো কোনো অস্ত্র বা গোলাবারুদ যাতে অপরাধী বা দুষ্কৃতকারীদের হাতে না যায়, সে জন্য এগুলো উদ্ধারে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। কারও কাছে এ ধরনের কোনো তথ্য থাকলে নির্ভয়ে আমাদের জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ধারিত নীতিমালা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, সাধারণ মানুষ দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে এসে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহযোগিতা করবেন। একটি সঠিক ও সময়োপযোগী তথ্য বড় ধরনের ঝুঁকি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।’

তথ্য দিতে এসআরবি-৯ কন্ট্রোল রুমের ০১৭৭৭-৭১০৯৯৯ নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়া লিগাল অ্যান্ড মিডিয়া অফিসারের ০১৭৭৭-৭১০৯৫৬ নম্বরেও তথ্য দেওয়া যাবে।

এই সম্পর্কিত আরো