মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় তারা কমবেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল থেকে জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে কুলাউড়া উপজেলার চুনঘর এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে তিন সাংবাদিকই কমবেশি আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তারা বাড়ি ফিরে যান।
আহত সাংবাদিকরা হলেন—মৌলভীবাজার জেলায় কর্মরত একুশে টিভির প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভির প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী এবং বৈশাখী টিভি ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি ইমন দেব চৌধুরী।
জানা গেছে, বর্তমানে তিন সাংবাদিকই শঙ্কামুক্ত রয়েছেন।