বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে অভিযোগের পরও রিং জালে মাছ শিকার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইজারাকৃত থলেরবন্দ জলমহালে নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) দিয়ে মাছ শিকার বন্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও মাছ শিকার অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জলমহালের মৎস্যসম্পদ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার কাছে লিখিত অভিযোগ দেন থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম আমিন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সমিতিটি সংশ্লিষ্ট জলমহাল ইজারা নিয়ে ইজারার শর্ত অনুযায়ী মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ করে আসছে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে জলমহালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তবে জলমহালের আশপাশে নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) ব্যবহার করে মাছ শিকার করায় মাছের পোনা ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে জলমহালের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সমিতির।

অভিযোগে আরও বলা হয়, জলমহালে একটি অভয়াশ্রম ও একটি বিল নার্সারি রয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করা না হলে এসব সংরক্ষণ কার্যক্রমও ব্যাহত হতে পারে।

এদিকে, লিখিত অভিযোগ দেওয়ার পরও থলেরবন্দ জলমহালে রিং জাল দিয়ে মাছ শিকারের ছবি পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে অভিযোগের পরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক গোলাম আমিন বলেন, জলমহালের মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অবৈধভাবে মাছ শিকার বন্ধের পাশাপাশি জলমহালের মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এই সম্পর্কিত আরো