সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল কুশিউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুশিউড়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে হোসনা আরা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হোসনা আরা বেগম উপজেলার কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি বর্তমানে কুশিউড়া গ্রামে বসবাস করছিলেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।