শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে জাহেরার নতুন ঘর, চাবি হস্তান্তর

দীর্ঘদিন ধরে গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করা অসহায় জাহেরা বেগম অবশেষে পেলেন নিজের একটি নিরাপদ আশ্রয়। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের বাসিন্দা স্বামীহারা জাহেরা বেগমের জীবন ছিল চরম দুঃখ-কষ্টে ভরা। নিত্যদিনের খাদ্যের সংস্থান করাই যেখানে ছিল কঠিন, সেখানে একটি বসতঘর নির্মাণ ছিল তার জন্য স্বপ্নের মতো।

জাহেরা বেগমের এই দুর্দশার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল। সংগঠনটির সদস্যরা প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে তার জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি জাহেরা বেগমের হাতে তুলে দেওয়া হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ, সমাজসেবী আব্দুল ছালাম, রেনু মিয়া, নুরুল ইসলাম শাহজাহান, লাল মিয়া, লেবু মিয়া, মজনু মিয়া, রোমান গাজী, আক্তার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল মূলত এসএসসি ১৯৯০ ব্যাচের ১৮ জন বন্ধুর সম্মিলিত মানবিক উদ্যোগের একটি অনন্য দৃষ্টান্ত। তারা জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
বক্তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য কিংবা জরুরি মানবিক সংকটে ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল একযোগে সহযোগিতা করে আসছে। জাহেরা বেগমের এই ঘর নির্মাণ প্রকল্পটি তাদের  চলমান উদ্যোগেরই অংশ, যা এ পর্যন্ত প্রায় ৭ম বসতঘর নির্মাণ প্রকল্প হিসেবে বাস্তবায়িত হলো।

তারা উল্লেখ করেন, সমাজে এখনও অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, যারা নীরবে কষ্টে জীবনযাপন করছেন। তাদের খুঁজে বের করে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় জাহেরা বেগম আবেগাপ্লুত কণ্ঠে তার অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য দোয়া করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের মোয়াজ্জেম।

এই সম্পর্কিত আরো