সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বর্ণিল আয়োজন ও ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৩৫তম “মানুষ উৎসব”। গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার উজানীগাঁও গ্রামে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উজানীগাঁও গ্রামের প্রবীণ মুরব্বি মো. শানু মিয়ার সভাপতিত্বে এবং কবি দৃষ্টি নুতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শান্তিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সত্যিজিৎ চন্দন আচার্য, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক মো. হারিস উদ্দিন এবং আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. কবির মিয়া।
এছাড়াও বক্তব্য দেন ভারতীয় বাউল শিল্পী বিপদ ভঞ্জন মালাকার, বাউল শিল্পী সূর্য লাল দাস, যুক্তরাজ্য প্রবাসী নানু খান, কবি ফরিদ ছিফাতুল্লাহ, এনকাই কাইমেন, আপেল মাহমুদ, দীপংকর মারডুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুজন দেবনাথ ও শিক্ষক সুলেমান কবিরসহ আরও অনেকে।
আলোচনা শেষে কবি অসীম সরকারের উপস্থাপনায় শুরু হয় মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশনা। এতে অংশ নেন বাউলিয়ানা ফয়সল, বিমান তালুকদার, স্নেহা দাস তুলি, চিনু চক্রবর্তী, আনোয়ার রেজা, আমজাদ পাশা, আব্দুর রশিদ সরকার, আলী আকবর, উত্তম দাস, সাজু দাস, শৈলেন দাস, শম্ভু চন্দ্র, জাকির মিয়া, শিশু শিল্পী আব্দুর রহমান, সাজিনা বেগম ও কবি মেখদাদ মেখসহ আরও অনেকে।
উৎসবে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
লাল শাহ সংগীতালয়ের পরিচালক লাল শাহ বলেন, “সবার সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।”
অনুষ্ঠান শেষে ১৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৫০ জন শিল্পী, সংগঠন ও সাংবাদিকদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।