রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে এডভোকেসি সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় এমটিইপিআই কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. শাহেদুল আলম ভুঁইয়া, সমাজসেবক আব্দুর রব, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্বওমী মাদরাসার প্রতিনিধি মাওলানা আলী আকবর, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম ও সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী।

এছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় জানানো হয়, আসন্ন এমআর টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এ কর্মসূচির আওতায় উপজেলায় ১২০টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৩০৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি। কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা এমআর টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো