সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মনোনীত গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট ও এমবিই প্রাপ্ত কৃতি সন্তান মোজাহিদ খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (বিকেল) উপজেলার দৌলতপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাংবাদিক বশীরুদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহমদ আলী।
বক্তারা বলেন, তরুণ বয়সে ব্রিটেনে অবস্থান করে স্থানীয় কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোজাহিদ খান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট হিসেবে মনোনয়ন লাভ করেন। পাশাপাশি ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই)’ পদকে ভূষিত হয়ে তিনি প্রবাসী বাঙালিদের মুখ উজ্জ্বল করেছেন।
তারা আরও বলেন, মোজাহিদ খানের এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে তারা আরও গৌরব বয়ে আনবে।
বালাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, আইনজীবী সিরাজুল ইসলাম, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সমাজসেবী সামছুন নূরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।