সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় বালু চাপায় ফয়জুর রহমান (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারকে সুযোগ করে কয়েকজন শ্রমিক নৌকাযোগে সংরক্ষিত এলাকায় বালু-পাথর উত্তোলনে যান। বিকেলে ফয়জুর রহমানসহ আরও দুইজন শ্রমিক সেখানে কাজ শুরু করেন। সন্ধ্যার পর হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সেখানে আটকা পড়েন। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু করার সময় ওপর থেকে হঠাৎ বালু ধসে ফয়জুর রহমান চাপা পড়েন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে দয়ার বাজার হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এর আগে একই এলাকায় চলতি বছরের ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় বালু-পাথর চাপায় লিটন মিয়া নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বাংকার এলাকা থেকে বালু-পাথর উত্তোলন নিষিদ্ধ থাকলেও স্থানীয় প্রভাবশালীদের ইশারায় এসব লুট চলছে। স্থানীয় প্রশাসন কঠোর ও নিয়মিত অভিযান না চালালে এমন মৃত্যুর ঘটনা আরও বাড়বে।