সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক—এ উৎসবকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা জরুরি।
মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলো সীমিত সম্পদ নিয়ে কাজ করে আসছে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ এবং শিশু-কিশোরদের বিকাশের জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
নববর্ষের এ শুভক্ষণে তিনি সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
শেষে মন্ত্রী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।