সিলেটের কোম্পানীগঞ্জে পাড়ুয়া তরুণ সংঘ আয়োজিত ‘পাড়ুয়া প্রিমিয়ার লীগ সিজন-২, ২০২৬’-এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে ট্রাইব্রেকারে ব্রাদার্স ইউনাইটেড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাড়ুয়া এসআরএফসি ফুটবল দল।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় পাড়ুয়া এসআরএফসি ও ব্রাদার্স ইউনাইটেড ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে জয় নিশ্চিত করে এসআরএফসি।
খেলায় দুই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তারকা ফুটবলার ইকবাল ও সোহেল। ম্যাচ পরিচালনা করেন সাবেক তারকা ফুটবলার ফখরুল ইসলাম।
টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোজাফফর। ফাইনাল ম্যাচের সেরা গোলরক্ষকের পুরস্কার পান মোস্তফা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোহেল।
ওয়াহিদ রেজার ধারাভাষ্যে খেলা শেষে পাড়ুয়া তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, চুনাপাথর আমদানিকারক গ্রুপের সেক্রেটারি ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান, বিশিষ্ট মুরব্বি মশ্রব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলন, সাংবাদিক আবিদুর রহমান ও মো. এমরান আলী।
এছাড়া উপস্থিত ছিলেন পাড়ুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গিয়াস উদ্দিন, সিনিয়র সদস্য রজন মিয়া, ক্রীড়া সংগঠক ডালিম আহমদ, মঈন খান, শৈবাল শাহরিয়ার সাজন, ব্যবসায়ী জালাল আহমদ ও জুয়েল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও অন্যান্য কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
আয়োজক কমিটি টুর্নামেন্ট সফল করতে অতিথিদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।