সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ২৭ জন প্রতিযোগী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বাছাইপর্বের মধ্য দিয়ে জেলার ১৭টি উপজেলার প্রতিযোগী নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলার রণকেলী উত্তরস্থ মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসায় এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ পারা, ১৫ পারা ও ৩০ পারা—এই তিনটি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসার হাফিজে কোরআনরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগ থেকে ৯ জন করে মোট ২৭ জন প্রতিযোগী জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। উত্তীর্ণ প্রতিযোগীদের ইয়েস কার্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিযোগিতা চলে। পরে বেলা ২টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসার সভাপতি আলহাজ্ব আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা এমদাদুল হক কাওছারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফিজ ক্বারী এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন হুফাজুল কুরআন বাংলাদেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক ও প্রধান বিচারক হাফিজ মাওলানা হাকিম আহমদ, বিচারক কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফয়ছল আহমদ, মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন, লন্ডনপ্রবাসী আলহাজ্ব মারুফ আহমদ, সাংবাদিক ইমরান আহমদ ও ব্যবসায়ী আফজল আহমদ।
উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর মুহাম্মদীয়া তাহসিনুল কুরআন মাদরাসার উদ্যোগে গোলাপগঞ্জে অনুষ্ঠিত হবে সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মূল আসর। এতে জেলার ১৭টি উপজেলার বাছাইকৃত প্রতিযোগীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করবেন।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের বিচারক ক্বারী মাওলানা আব্দুল হক উপস্থিত থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজে কোরআনদের।