সুনামগঞ্জের ধর্মপাশায় সৌরভ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হালিমা আক্তার (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের লঙ্কাপাথারিয়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হালিমা আক্তার ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর মা মমতা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চারজনের বিরুদ্ধে সৌরভকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই মামলার আসামি হিসেবে হালিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হালিমা আক্তারকে তাঁর নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।