সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুর পিলারের গোড়া ও আশপাশ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ঘটনায় প্রশাসনের তৎপরতা বেড়েছে। সেতু রক্ষায় সার্বক্ষণিক গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী। অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি ধলাই সেতু-সংলগ্ন এলাকা থেকে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতা শুরু হয়। সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের সিলেটের বিভাগীয় সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ধলাই সেতু পরিদর্শন করেন। এ সময় সেতুর পিলার ও ওপরের অংশের জয়েন্টের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ের সেতু বিশেষজ্ঞ দিয়ে পরিদর্শনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ধলাই নদী একসময় বর্ষায় উত্তাল থাকলেও শুকনো মৌসুমে নদীর বুকে বিস্তীর্ণ বালুচর দেখা যেত। উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীর ওপর একটি সেতু নির্মাণের।
এলাকাবাসীর সেই দাবি বাস্তবায়নে ২০০৪-০৬ অর্থবছরে ধলাই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৪ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর যান চলাচল শুরু হয়। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির নামকরণ করা হয় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নামে। সেতুটি নির্মাণের ফলে কোম্পানীগঞ্জের মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।
তবে স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের প্রায় এক দশক পর থেকেই প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সেতু এলাকায় বালু-পাথর উত্তোলন শুরু হয়। বিশেষ করে ২০২০ সালে ধলাই নদীর দক্ষিণ বালুমহাল ইজারার নামে সেতু-সংলগ্ন এলাকায় লিস্টার মেশিন ব্যবহার করে বাল্কহেডে বালু তোলার অভিযোগ ওঠে। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রশাসনের অভিযান সত্ত্বেও অবৈধ উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের।
সম্প্রতি সেতুর পিলারঘেঁষে বালু-পাথর উত্তোলনের ফলে বিভিন্ন পিলারের গোড়ায় ক্ষয়, পিলারের গায়ে ফাটল, বাউন্ডারির ইট খসে পড়া, ওপরের অংশের জয়েন্টে ফাঁক এবং রেলিং ভাঙাসহ বিভিন্ন ক্ষতচিহ্ন দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ৯ নভেম্বর দৈনিক সবুজ সিলেটে ‘কোম্পানীগঞ্জে ধলাই সেতুতে বালু উত্তোলনের মহোৎসব, প্রকাশ্যে আসছে বালুখেকো সিন্ডিকেট, স্থায়ী ক্যাম্পের প্রস্তুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সেতু এলাকায় বালু-পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম উঠে আসে। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, তালিকায় নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ রয়েছে।
ধলাই সেতু রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব মাস্টার নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সেতুটি রক্ষার চেষ্টা করছেন তাঁরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে মন্ত্রীকে বিষয়টি সরাসরি জানানো হলে তিনি প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন চান তাঁরা।
সাবেক ছাত্রদল সভাপতি ও শিক্ষক এনায়েতুল ইসলাম বলেন, স্মৃতিবহ ধলাই সেতু রক্ষায় সেতু-সংলগ্ন এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে সীমানায় পিলার স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা, প্রশাসনের নজরদারি ও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ধলাই সেতু এলাকায় বালু-পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
সেতুটি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ এবং সেতু-সংলগ্ন এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।