বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সিলেটের কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্যে কানাইঘাট পৌরসভার সবকটি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় রামিজা বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সুরমা নদীর ঘাটে।

বিজয়া দশমী উপলক্ষে সকালে শেষবারের মতো দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। দেবীর হাতে জরা, পান ও শাপলার ডালা দিয়ে পূজার আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল ৯টা ৫৭ মিনিটে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হলে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন।

বিকেল ৩টার পর থেকে ট্রাকে করে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা নেচে-গেয়ে সুরমা নদীর ঘাটে নিয়ে আসেন ভক্তরা। ঢাকের তাল, শঙ্খের সুর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর তীর। বিসর্জনের আগে শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন ভক্তরা। পরে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।

প্রতিমা বিসর্জন দেখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিসর্জন শেষে প্রতিমার ঘাট থেকে শান্তির জল নিয়ে নিজ নিজ মণ্ডপে ফেরেন ভক্তরা। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে কানাইঘাট থানা-পুলিশের পক্ষ থেকে পৌরসভার সুরমা নদীর ঘাটে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হয়েছে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।

▐ এই সম্পর্কিত আরো