সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুরুজন সংবর্ধনা, কৃতী ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের পূজামণ্ডপে মহামায়া যুব সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহামায়া যুব সংঘের সদস্য শ্রাবণী রানী দাস ও সাগর দাসের যৌথ সঞ্চালনায় এবং মির্জাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে মা-বাবা ও গুরুজনদের সম্মান করার শিক্ষা পাওয়া যায়। পাশাপাশি তরুণ প্রজন্ম ধর্মীয় মূল্যবোধ ও জ্ঞান অর্জনের সুযোগ পায়। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন উপজেলা থেকে জেলাজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। শারদীয় দুর্গাপূজা সবার জীবনের দুর্গতি ও অমঙ্গল দূর করুক বলেও কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মহামায়া যুব সংঘের উপদেষ্টা অজিত চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ দাস। এ ছাড়া বক্তব্য দেন গুরুজন শ্রীমতি নিয়তি দাস ও ইউপি সদস্য জহির উদ্দিন।
আলোচনা সভা শেষে গুরুজনদের সংবর্ধনা ও গ্রামের কৃতী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন শিপন, জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সাগর আহমদ, যুবদল নেতা সৈয়দ আলমসহ সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।