সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়ার বসতবাড়ির পাশের বাঁশঝাড় থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। রোববার (১১ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৯।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন বাঁশঝাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।