মৌলভীবাজারের কমলগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসুচির আওতায় শতাধিক গ্রাহকের মধ্যে বৃক্ষের চারা বিতরণ রোপন কর্মসুচি হয়েছে।
বুধবার বিকেলে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক মো: হারুনুর রশীদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।