মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা পরিষদের ঠিকাদাররা। উন্নয়নমূলক কাজে বাধা ও হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার তোফায়েল ইসলাম তোহেল, আনিছুজ্জামান বায়েছ, আতাউর রহমানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ কারণে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা পরিষদ থেকে বদলির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ঠিকাদাররা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দেওয়ার কথা জানানো হয়।
তবে ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার। তাঁর দাবি, অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। ঠিকাদারদের বিল নিয়ম মেনেই প্রক্রিয়া করা হচ্ছে এবং নিয়মবহির্ভূত কাজ করতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।