সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের শর্টগানের গুলিতে রুবেল আহমেদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রানওয়ে এলাকায় এই অনভিপ্রেত দুর্ঘটনা ঘটে।বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘটনার সময় আনসার সদস্য মোজাম্মেল একটি গাড়িতে চড়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন।
এ সময় রানওয়ের চারপাশে পাখি দেখতে পেয়ে তা তাড়ানোর উদ্দেশ্যে তিনি শটগান দিয়ে গুলি ছোড়েন। তবে নিয়ম লঙ্ঘন করে গাড়ি থেকে না নেমে গাড়ি থেকেই গুলি করায় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে গিয়ে লাগে।
ঘটনার পর আহত রুবেলকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রানওয়েতে পাখি তাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকলেও তা মানা হয়নি।
এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনাবশত ঘটেছে এবং আহত কর্মীর অবস্থা বর্তমানে গুরুতর নয়। তবে গুলি ছোড়ার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম ভঙ্গ বা দায়িত্ব অবহেলা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।