‘মানুষ বাঁচে কর্মে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত নৈয়দ মঞ্জুর এলাহীর জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে মেডিকেল আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আমরাইলছড়া চা-বাগান, গান্ধীছড়া ও হুগলিয়া এলাকার শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা করা হয়। পরে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
আই ক্যাম্প পরিচালনা করেন ডা. আব্দুল মান্নান, প্যারামেডিক শুকুর মোহাম্মদ, মো. সালেহ উদ্দিন ও ডা. শরীফ উদ্দিন মারজান।
এ সময় এপ্রেক্স গ্রুপের ব্র্যান্ড এক্সিকিউটিভ ফাহিম আহমেদ, ন্যাশনাল সেলস ম্যানেজার আতাউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মাহমুদুল ইসলাম, এরিয়া ম্যানেজার সাইদুর রহমান রুবেল, মেডিকেল প্রমোশন অফিসার লিপ্টু দেব, মাহমুদুল তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
এপ্রেক্স ফার্মার কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত নৈয়দ মঞ্জুর এলাহীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে এ বিনামূল্যের মেডিকেল আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তারা প্রয়াত নৈয়দ মঞ্জুর এলাহীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।