মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ও কালিঘাট চা বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের বাসায় সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। তারা সাপটিকে পদ্ম গোখরা বা মনোকলড কোবরা (Monocled Cobra) হিসেবে শনাক্ত করেন। সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ বলে জানান তারা।
পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, বসতবাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত।