সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়া, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও সংগীতসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন কক্ষটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।