সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কিশোর লাকিব মিয়া ওই গ্রামের আজিজ মিয়ার ছেলে। আহত শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার ভয়ে আঁতকে উঠছে। রাতেই তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, নির্যাতনের শিকার শিশুটিকে গতকাল রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।