মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে রঘুনন্দনপুর সড়কে এ মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ফয়সল আহমদ হেলালী, ছুরুক মিয়া, মুজিবুর রহমান সাহাবুদ্দিন, আলমাছ মিয়া ও শফিকুর রহমানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতা আরাফাত আলী মোনার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে বলে তারা দাবি করেন।
এ সময় বক্তারা মাদক ব্যবসা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।