জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
বুধবার ভোরে পুত্রজায়ার একটি অ্যাপার্টমেন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭৪০ জনকে তল্লাশি করা হয়েছে।
অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৩২৫ জনের মধ্যে ২৭০ জন পুরুষ ও ৫৫ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের নাগরিক। তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরের ১২৭ কর্মকর্তা অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) কর্মকর্তারাও ছিলেন।
জেআইএম জানায়, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারি ও তথ্য সংগ্রহের পর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকা, নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং পাসের শর্ত ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
জেআইএম জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) বিরুদ্ধে দেশজুড়ে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে বৈধ পাসের অপব্যবহার এবং অভিবাসন-সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি বাড়ানো হবে।
শুধু অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধেই নয়, তাদের নিয়োগ, আশ্রয় বা সহযোগিতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অভিবাসন বিভাগ। বিশেষ করে নিয়োগকর্তা ও স্থাপনার মালিকদের প্রত্যেক বিদেশি কর্মী বা বাসিন্দার বৈধ নথিপত্র নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণের অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা জানিয়ে জেআইএম বলেছে, অবৈধ অভিবাসন বা অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য থাকলে তা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে জানাতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।