হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের দিকে মাধবপুর পৌর শহরে নিজের একটি ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও আইনজীবী শাকিল গংয়ের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন শাহ মো. মুসলিম। পরবর্তীতে তিনি ওই ভবনটি তাদের কাছে ভাড়া না দিয়ে অন্য পক্ষের কাছে ভাড়া দেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে সালিশের মাধ্যমে অগ্রিমের টাকা ফেরত দেওয়ার শর্তে দুটি চেক দেওয়া হয়। নির্ধারিত সময়ে ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয়। পরে আইনজীবী শাকিল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে মামলা করেন।
পুলিশ জানায়, ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শাহ মো. মুসলিমকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সিআর মামলায় সাজা পরোয়ানাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।