হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামে প্রবাসী পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে ভাঙচুর, গাছ কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ছায়েদ আলী (৪৫), মোছা. জাসমিন আক্তার (২৭) ও মোছা. রুকেয়া আক্তার (৩৬)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিশিরী গ্রামের বাসিন্দা ইয়াকুত আলীর ছেলেরা জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। বাড়িতে বৃদ্ধ ইয়াকুত আলী ও তাঁর স্ত্রী বসবাস করেন। অভিযোগ রয়েছে, প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।
অভিযোগ অনুযায়ী, ইয়াকুত আলী দলিলমূলে মালিকানাধীন জমিতে চলাচলের জন্য রাস্তা তৈরি করলে প্রতিপক্ষ ছায়েদ আলী ও তাঁর লোকজন ওই রাস্তা দখলের চেষ্টা করেন। এ নিয়ে আদালতে ১৪৪ ধারায় মামলা এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সর্বশেষ গত ২৭ মার্চ রাতে এবং ৪ এপ্রিল দুপুরে আসামিরা ইয়াকুত আলীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেন। এ সময় রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি আইনি প্রতিকার চায়। পুলিশ তদন্ত করে দণ্ডবিধির ৫০৬ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নন-এফআইআর মামলা রুজু করে বলে জানা গেছে।
চুনারুঘাট থানা পুলিশ জানায়, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরও আদালতে পাঠানো হয়।