অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে কয়লাখনিতে কাজ করতে গিয়ে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবক। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর একটি কয়লাখনিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের (পশ্চিমপাড়া) বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জীবিকার তাগিদে ভারতের অভ্যন্তরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে ভারতের কলারছড়া এলাকায় একটি কয়লাখনিতে কাজ করছিলেন ইউনুস। বুধবার সকাল পৌনে ১০টার দিকে খনির গর্ত থেকে কয়লা তোলার সময় হঠাৎ ওপর থেকে মাটি ও পাথরের একটি বড় স্তূপ ধসে পড়ে। এতে তিনি গর্তের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর সহকর্মীদের মাধ্যমে স্বজন ও স্থানীয়দের কাছে পৌঁছালে তারা ভারতের অভ্যন্তরে গিয়ে ইউনুসের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কর্মকাণ্ডে না জড়াতে এবং নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।