সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে বিরাজমান শিক্ষক সংকট মোকাবিলায় স্থানীয় অভিভাবক সদস্য ও শ্রীধরপাশা গ্রামের পাঁচ প্রবাসীর যৌথ অর্থায়নে দুইজন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে প্রবাসীদের নেওয়া এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে জুন, জুলাই ও আগস্ট মাসের প্যারা শিক্ষকদের বেতন প্রদান করেন যুক্তরাজ্যপ্রবাসী সোহাগ আলম।
প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
প্যারা শিক্ষকদের হাতে মাসিক বেতন তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুর রহমান উজ্জ্বল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, সহসভাপতি জুনেদ আহমদ, সদস্য সালাউদ্দীনসহ কমিটির অন্যান্য সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে শ্রীধরপাশা গ্রামের পাঁচ প্রবাসী নিয়মিত প্যারা শিক্ষকদের বেতনের জন্য অর্থায়ন করছেন। তারা হলেন—যুক্তরাষ্ট্রপ্রবাসী মহি উদ্দিন সবুজ, যুক্তরাজ্যপ্রবাসী শামীম আহমদ, শাহ হুমায়ুন কবির, মুজাক্কির খান ও সোহাগ আলম।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের অর্থায়নে বর্তমানে বিদ্যালয়ে খাদিজা বেগমসহ দুইজন প্যারা শিক্ষক নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছিল, এ উদ্যোগের মাধ্যমে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।