হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে রবিন মিয়া (১৮) নামে এক মেধাবী ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে কেন্দ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন মিয়া উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকার বাসিন্দা। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল এবং চলতি বছর অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দিকে রওনা হয় রবিন। পথিমধ্যে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরীক্ষা দেওয়ার আগেই এক পরীক্ষার্থীর এমন অকাল প্রয়াণে রবিনের পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।