মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লঙ্কানদের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ২৫ রানের পরাজয় বরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। স্বর্ণা আক্তারের অনবদ্য হাফ-সেঞ্চুরি সত্ত্বেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৩৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে সফরকারী শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সাফল্য পান অফ-স্পিনার সুলতানা খাতুন; হাসিনি পেরেরাকে ৭ রানে ফেরান তিনি। তবে দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তু (৩২) ও ইমেশা দুলানি ৪২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন।

পরবর্তীতে তৃতীয় উইকেটে দুলানি ও হার্ষিতা সামারাবিক্রমার ৮১ রানের বিধ্বংসী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা। দুলানি ৪০ বলে ৫৫ রান করে আউট হলেও হার্ষিতা খেলেন ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস (৩৫ বল)। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ২টি উইকেট নেন।

১৬২ রানের পাহাড় টপকাতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ২২ বলে ৩৯ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। কিন্তু এরপরই নাটকীয় ধস নামে টাইগ্রেসদের ব্যাটিং লাইনে। মাত্র ৫ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। জুয়াইরিয়া (১৬), শারমিন (১) এবং অধিনায়ক নিগার সুলতানা (০) দ্রুত বিদায় নেন। ঝড়ো শুরুর ইঙ্গিত দেওয়া দিলারাও ফেরেন ২৩ রানে।

৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন তরুণ স্বর্ণা আক্তার। সোবহানা মোস্তারিকে সাথে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন তিনি। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া স্বর্ণা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি তুলে নেন। তার ৪৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার। তবে অপর প্রান্তে যোগ্য সঙ্গ না পাওয়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানেই আটকে যায় বাংলাদেশ।

লঙ্কান বোলারদের মধ্যে তিনজন বোলার ২টি করে উইকেট ভাগ করে নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন হার্ষিতা সামারাবিক্রমা। এর আগে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ৩০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো