সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলী উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহীনুর রহমান, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মৃদুল কান্তি দাশ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আহমেদ উসমানসহ অনেকে।
বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং তাদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও জানানো হয়, আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টরা এ কর্মসূচি সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।