সুনামগঞ্জের জামালগঞ্জে তেল সংকট দূরীকরণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে উপজেলার ডিলারদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী।
পরিবেশকদের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ আলী, মোবারক হোসেন ও সামছুজ্জামান ধন মিয়া। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাচনা বার্জ ডিপোর আওতাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের উপজেলার সকল পরিবেশক, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, তেল সংকটের কারণে হাওর অঞ্চলে বোরো ধান কাটায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সময় কৃষকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত না হলে ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। তাই ডিলারদের নির্ধারিত নিয়ম মেনে তেল সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, নিজ উপজেলার চাহিদা পূরণ না করে প্রশাসনের অনুমতি ছাড়া বাইরে তেল বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি বা কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় কৃষকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ডিলাররা প্রশাসনের নির্দেশনা মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তেল বিতরণের আশ্বাস দেন।