শ্রমিক সংকটের শঙ্কায় সুনামগঞ্জ জেলায় বোরো ধান কর্তনের লক্ষ্যে বালুমহালসমূহ ও অন্যান্য স্থান থেকে বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রবিবার সুনামগঞ্জের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) এস, এম, ইয়াসীর আরাফাত স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলায় বোরো ধান কাটার মৌসুমে ব্যাপক শ্রমিক সংকটের আশঙ্কা রয়েছে। বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং এটি সময়মত ঘরে তোলা অত্যন্ত জরুরি। বোরো ধান কাটায় শ্রমিকের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ জেলার বালুমহালসহ জেলাধীন অন্য স্থান হতে বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন বন্ধ রাখা প্রয়োজন।
এমতাবস্থায়, রোরো ধান কর্তন উপলক্ষে আগামীকাল ২০ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ জেলার সকল বালুমহাল ও অন্যান্য স্থান হতে বালু, মাটি ও বালু মিশ্রিত মাটি উত্তোলন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।