সুনামগঞ্জের দিরাইয়ে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৩ টার দিকে উপজেলার পেরুয়া গ্রামের পার্শ্ববর্তী ছিনামারা হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া পেরুয়া গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে পাকা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন লিটন মিয়া। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।