শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
প্রবাস

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান

অস্ট্রেলিয়া-এর মাটিতে উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ সাউথ ওয়েলস রাজ্যের গ্লেনকোয়ারি মসজিদ ও যুব উন্নয়ন কেন্দ্র প্রকল্পের জন্য এক সন্ধ্যায় প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিডনির পাঞ্চবোল এলাকায় আয়োজিত এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও অংশ নেন। নারী-পুরুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। তারা বলেন, এটি শুধু একটি মসজিদ নির্মাণ নয়; বরং নতুন প্রজন্মের জন্য শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের একটি পূর্ণাঙ্গ ইসলামিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ।

অনুষ্ঠানের মূল পর্বে ইসলামী আলোচক ওমর আল বান্না সাদকায়ে জারিয়ার তাৎপর্য তুলে ধরেন। তাঁর বক্তব্যে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং মুহূর্তেই অনুদান ঘোষণার ঢল নামে।

সবচেয়ে আবেগঘন মুহূর্তে কয়েকজন প্রবাসী নারী বড় অঙ্কের অর্থের পাশাপাশি নিজেদের গলার স্বর্ণালংকারও এই প্রকল্পে দান করেন। এতে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এক সন্ধ্যাতেই প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ মিলিয়ন ডলার, ফলে এই অগ্রগতি উদ্যোগকে বড় এক ধাপ এগিয়ে দিয়েছে বলে তারা মনে করছেন।

আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও আন্তরিকতাই এই সাফল্যের মূল শক্তি। তাদের মতে, সম্মিলিত প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে একটি আধুনিক ও গর্বের ইসলামিক কেন্দ্র গড়ে উঠবে।

এই উদ্যোগকে প্রবাসীদের ঐক্য, ভালোবাসা ও ধর্মীয় দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো