সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুরে দিরাই থানা রোডের বালিকা বিদ্যালয় মার্কেটস্থ তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আবুল হাসনাত রিপন বলেন, বিএনপি সরকারের তত্ত্বাবধানে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা এসেছে। তিনি জানান, অন্যদের মতো চাপের মুখে নয়, বরং নিজ উদ্যোগে মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
তিনি আরও বলেন, পৌরসভাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলে সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দিরাই পৌর এলাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
বিদেশে, বিশেষ করে লন্ডনে অবস্থানকালেও তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানান রিপন। সেখান থেকেও দিরাইবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
পৌর এলাকার সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের বর্তমান অবস্থা বেহাল। পাশাপাশি তরুণদের আইটি দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার বিষয়টিও গুরুত্ব দেন।
তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সকলকে সঙ্গে নিয়ে দিরাই পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে একটি নান্দনিক পৌরসভা গড়ে তুলতে চাই।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি তাঁর উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা পৌরবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।
লিখিত বক্তব্যে আবুল হাসনাত রিপন বলেন, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক ও উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। নাগরিকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়ন এবং সম্মিলিত উদ্যোগে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পৌরসভা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, দেশ-বিদেশে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণসহ নাগরিক সুবিধা বাড়াতে কাজ করতে চান। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।