সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট (আলফাত স্কয়ার) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে ‘সুবর্ণা সু-স্টোর’ নামক একটি জুতার দোকান থেকে প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেটটিতে অধিকাংশ দোকানই জুতার হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। অনেক দোকানি প্রাণে রক্ষা পেলেও দোকানের ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত পানির অভাবে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে আরও ইউনিট এসে যোগ দিলে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।