সারা দেশের মতো সিলেটের কানাইঘাটেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং খামারিদের পক্ষে মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে। শুধু চাকরির পেছনে না ছুটে শিক্ষিত তরুণ ও যুবকদের প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় গবাদিপশুর খামার গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। কানাইঘাট একটি কৃষিনির্ভর এলাকা। এখানে গবাদিপশুর খামার গড়ে তুলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, প্রাণিসম্পদ খাতে কানাইঘাট ক্রমেই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গবাদিপশু পালন ও খামারিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল খামারিরা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্র ও শনিবার উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হবে।