সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে মোবাশ্বির (২৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন মারুফ (১৮)। তাঁকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ৩৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
নিহত মোবাশ্বির ও নিখোঁজ মারুফ জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোবাশ্বির ও মারুফ নিখোঁজ হন। নৌকাটিতে প্রায় ৭৫০ ফুট বালু বোঝাই ছিল।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও থানা-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও মারুফের সন্ধান মেলেনি।
উদ্ধারকারী দলের ধারণা, মারুফ ডুবে যাওয়া নৌকার ভেতরে আটকে থাকতে পারেন। এ কারণে নৌকাটি উদ্ধারের কাজও চালানো হচ্ছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবারের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
এদিকে মারুফের সন্ধান না মেলায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।