সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান (৫৬) ও যুবলীগ নেতা মাহদী হোসেন আরিফকে (৪০) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি বাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি চৌঘরি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা ১৭ নম্বর মামলার আসামি তিনি।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের জায়ফরপুর গ্রামে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাহদী হোসেন আরিফকে গ্রেফতার করে পুলিশ। তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য এবং ওই গ্রামের মৃত মাওলানা হাবিব হোসেনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা ৮ নম্বর মামলার আসামি তিনি।
দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।