সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা আফসর আহমদকে দল থেকে বহিষ্কার করায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন মুলাগুল বাজারে পুলিশের ওপর চড়াও হয়ে আফসর আহমদ তাঁর ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে দলবল নিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। এ ছাড়া এলাকায় আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
তবে আফসর আহমদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন; বরং পুলিশকে সহযোগিতা করেছেন। একই সঙ্গে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, আফসর আহমদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশ। তাঁদের মতে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।