মানসম্মত শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে যেসব ব্যক্তি ও সংগঠন কাজ করছে, তাদের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর। ব্যক্তি উদ্যোগে সুদূর বিলাত থেকে এসে সিলেটের কৃতী সন্তান ড. সৈয়দ রাগীব আলী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে জাতির জন্য যে অসামান্য অবদান রেখেছেন, তা ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, সিলেটের উন্নয়নে তিনি নিজেসহ সিলেটের তিন মন্ত্রী আন্তরিক। ঐক্যবদ্ধভাবে সিলেটবাসীর প্রত্যাশিত উন্নয়ন বর্তমান সরকারের আমলে বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রাগীবনগরে রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজটি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবি-সংবলিত একাধিক তোরণ ও রঙিন ফেস্টুন দিয়ে সাজানো হয় ক্যাম্পাস। দুপুর ১২টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কলেজ ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাঁকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি পাশের লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে যান। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেওয়া হয়।
কলেজের অধ্যাপক এম এ ওয়াহাব, সহকারী অধ্যাপক খালেদ উদ্দিন ও প্রভাষক পাপিয়া সুলতানা তাফাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান। জাতীয় সংগীত পরিবেশন করেন প্রভাষক রেশমী দাশের নেতৃত্বে একদল শিক্ষার্থী। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ, মইজ উদ্দিন, সালেহ আহমদ ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ এবং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শেখ নার্গিস সুলতানা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ-বিন-কাশেম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান, কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবারক আলী, বিএনপি নেতা ফারুক আহমদ, জয়নাল আবেদীন, এটিএম নূর উদ্দিন ও কামরুল ইসলাম বাদশা।
এ ছাড়া সমাজসেবক এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, আমির আলী এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজুও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া দানবীর রাগীব আলী প্রতিষ্ঠিত হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।