মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী নভেম্বর থেকে অনুষ্ঠেয় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। মেলা বন্ধ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সমিতির কার্যকরী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মেলা বন্ধের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইরের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহসভাপতি ডা. কুতুবউদ্দিন, সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলুসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, স্থানীয় ব্যবসায়ীরা সরকারকে নিয়মিত কর, ভ্যাট ও ট্রেড লাইসেন্স ফি দিয়ে ব্যবসা পরিচালনা করেন। দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ব্যয় মেটাতে গিয়ে এমনিতেই তাঁরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেক ব্যবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন।
এ অবস্থায় মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজন করা হলে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে নিম্নমানের পণ্য এনে বিক্রি করা হলে স্থানীয় দোকানিদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, বাণিজ্য মেলাকে কেন্দ্র করে অসামাজিক কর্মকাণ্ড, ঝগড়াঝাঁটি ও মারামারির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এ ছাড়া ডিসেম্বরের শুরু থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তাঁরা বলেন, পরীক্ষার সময়ে মেলা আয়োজন করা হলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। তাই স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
সভায় সমিতির বিভিন্ন ওয়ার্ডের সম্পাদক ও সদস্যসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।