সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কোটি টাকার এই স্থাপনা থেকে বাস চলাচলের কথা থাকলেও, সেখানে এখন ফেলা হচ্ছে পৌরশহরের সব ময়লা-আবর্জনা।
বিয়ানীবাজার পৌর এলাকায় নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকায়, পরিত্যক্ত এই টার্মিনালটিতেই ফেলা হচ্ছে পৌরশহরের বর্জ্য। এতে চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে, দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
জানা যায়, ২০২১ সালের জুন মাসে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পর মাত্র একবার একটি বাস ছেড়ে যায় এখান থেকে। এরপর নানা জটিলতায় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় এটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, সমস্যাটি সমাধানে কাজ চলছে। পৌর এলাকায় একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নির্মাণ এবং পরিত্যক্ত টার্মিনালটি পুনরায় চালুর বিষয়ে প্রশাসনের পরিকল্পনা রয়েছে।
তবে শুধু আশ্বাস নয়, দ্রুত এই ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। তাদের দাবি, টার্মিনাল এলাকা থেকে ময়লার ভাগাড় সরিয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হোক এবং দ্রুত বাস টার্মিনালটি চালু করে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হোক।