নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন থেকে সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালমান মিয়া।