মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তিনটি চা বাগানের প্রায় ৬০০ স্থায়ী নারী চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর অর্থায়নে এসব রেইনকোট বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে জুড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রেইনকোট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আশিফ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃষ্টির সময় চা বাগানের নারী শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত ও কাজের সুবিধার্থে রেইনকোটগুলো বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ তাঁদের দৈনন্দিন কর্মজীবনে কিছুটা স্বস্তি ও সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।