মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও উপজেলা যুবদল নেতা। শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।
পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পূর্ব শত্রুতায় তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছি। ইতিপূর্বে এই রিসোর্টের সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে রিসোর্ট মালিকপক্ষ মাজু মিয়াকে অব্যাহতি দেয়ায় গত ৩০ সেপ্টেম্বর তিনি রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান।
পরবর্তীতে গত ১ অক্টোবর থেকে আমি দায়িত্ব গ্রহণ করে নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে রিসোর্ট ও পার্টি সেন্টার পরিচালনা করে আসছি। তবে মাজু মিয়ার কাছে ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকা হিসাব চাওয়া হলে তিনি কৌশলে ফোনের কথোপকথন রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও অসম্পূর্ণভাবে ফাঁস করে দেন।
এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন আহাদ।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অপপ্রচারের বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।