আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
ব্রিফিংয়ে ইউএনও গালিব চৌধুরী বলেন, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।